ভারতে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন বেজোস
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারত ছাড়ছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তবে এর আগেই বুধবার ভারতে ছোট এবং মাঝারি শিল্পের ডিজিটাল রূপান্তরে এক বিলিয়ন ডলার (সাত হাজার কোটি টাকা) বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি।
দেশটির শীর্ষ সরকারি আধিকারিক, শিল্পপতি এবং এসএমবি শিল্পপতিদের নিয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। বেজোস জানান, তার কোম্পানি ২০২৫ পর্যন্ত ১০ বিলিয়ন ডলারের মেক ইন ইন্ডিয়ার উৎপাদিত দ্রব্য আমদানি করবে। আর এর মাধ্যমে ২১ শতাব্দীরে ভারত – আমেরিকার বন্ধুত্ব সবথেকে গুরুত্বপূর্ণ হবে।
এর আগে তিন দিনের সফরে মঙ্গলবার ভারতে আসেন বিশ্বের সবচেয়ে বড় এই ধনকুবের। এরপর একটি টুইট করেন তিনি। বেজোস দেশটির ঐতিহ্যবাহী পোশাকে মাহাত্মা গান্ধীর স্মৃতিতে পুষ্পস্তবক দেন। একটি ভিডিও টুইটারে পোস্ট করেন।
সেই টুইট দেখার পর বিক্ষোভ করেন দেশটির অন্তত ৩০০ শহরে কয়েক হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। ই-কমার্স জায়ান্ট অ্যামাজন দেশটির ক্ষুদ্র ব্যবসাকে ধ্বংস করে দিচ্ছে দাবি করে ওই বিক্ষোভে সামিল হোন তারা।
এদিকে রয়টার্স পরিবেশিত খবরে বলা হয়েছে, বড় বড় ই-কমার্স প্রতিষ্ঠানকে খুব বেশি ছাড় দিতে না দেয়ার পরিকল্পনা করেছে ভারত। দেশের খুচরা ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের রক্ষার জন্য এই নীতি গ্রহণের কথা জানিয়েছেন ভারতের অ্যান্টিট্রাস্ট প্রধান অশোক কুমার গুপ্তা।